উত্তরদিনাজপুর

গণতন্ত্রের চিতা সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সিপিএম সাংসদের আক্রমণ

এরাজ্যের গণতন্ত্রের চিতা সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর BJP-কে ডাকছেন মুখাগ্নি করার জন্য। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে বেড়িয়ে এমন ভাবেই কড়া ভাষায় আক্রমণ করলেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলীম।

        জানা যায়, সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর এই নির্বাচনে নিজ দলের প্রতি জনগণের সমর্থন আদায় করতে প্রচারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই মতো শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা এলাকায় নির্বাচনী প্রচার করলেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলীম। এদিন তিনি গুঞ্জরিয়া এলাকার এক দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে এক বৈঠক করেন। বৈঠকে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে কর্মীদের প্রচারে নামার জন্য বলা হয়। বৈঠক শেষে সাংসদ সেলীম প্রশ্ন করে বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী ও নির্বাচন কমিশন মানুষকে নিরাপত্তা দিয়ে ভোট করতে চাইছে নাকি ভোটকে ব্যবহার করে মানুষকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিতে চাইছে ? মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের সুরক্ষা বা নিরাপত্তা নিয়ে কোনও দায়িত্ববোধ নেই।  তাই তিনি সিভিক ভলান্টিয়ার ও দলীয় কর্মীদের পুলিশ সাজিয়ে ভোট করাতে চাইছেন। তাঁর নিজের গুন্ডাবাহিনী আছে, যারা সারা বছর ধরে ধর্ষণ, খুন, চুরি করছে। মুখ্যমন্ত্রী তাদের হাতেই পঞ্চায়েত দিতে চাইছেন। সেই জন্যই তিনি কোথাও সিভিক ভলান্টিয়ারকে RAF সাজিয়ে, কোথাও তৃণমূল কর্মীদের পুলিশ সাজিয়ে ভোট করতে চাইছেন।” তিনি আরও অভিযোগ করে বলেন, “উনি আদতে ভোট করতে চাননি। উনি পঞ্চায়েত ব্যবস্থা চান না। সমস্ত ক্ষমতা নিজের হাতে চান। আর এই জন্যই আমাদের রাজ্যে যত বুথ আছে, তার চেয়ে কম পুলিশ আছে। পাশাপাশি, যে কটা পুলিশ আছে তারাও তো উর্দিধারী তৃণমূল হয়ে গেছে। তারাও কোনও কাজের নয়। আর এভাবেই এরাজ্যের গণতন্ত্রের চিতা সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর BJP-কে ডাকছেন মুখাগ্নি করার জন্য।